হামলার ঘটনায় গ্রেপ্তার ১০ জন, চিকিৎসকদের পক্ষ থেকে প্রশাসনকে ধন্যবাদ

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন ও তিনজন স্বাস্থ্যকর্মীকে মারধরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুলিশ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন চিকিৎসকরা। আজ শনিবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা জানান, বৃহস্পতিবারের এই হামলার পরপরই পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) বিভাগ দ্রুত অভিযানে নামে। এতে এজাহারভুক্ত ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়, যা চিকিৎসক সমাজের কাছে স্বস্তির বিষয়।

এবিষয়ে জাতীয় নাগরিক পাট্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও হেলথ উইং এর প্রধান ডা: আব্দুল আহাদ বলেন, “যে পরিমাণ দ্রুততা ও নিষ্ঠার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে, তাতে আমরা কৃতজ্ঞ। এই ঘটনায় আমরা ভয় পেয়েছিলাম, কিন্তু প্রশাসনের ভূমিকা আমাদের সাহস জুগিয়েছে।” তিনি আরো বলেন, “চিকিৎসা পেশা একটি সেবামূলক দায়িত্ব। এ দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, তবে তা স্বাস্থ্যসেবার ওপর মারাত্মক প্রভাব ফেলবে। এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।”

হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) এস. এম. জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তার ১০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগীর ছাড়পত্র নিয়ে কথা কাটাকাটির জেরে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনসহ ১০–১১ জন ব্যক্তি সহকারী সার্জনসহ চারজন স্বাস্থ্যকর্মীর ওপর হামলা চালান। এ ঘটনায় ওইদিন রাতেই মামলা করা হয়। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর