
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ওই স্বাস্থ্যকর্মী সরকারি সময়েও হাট ইজারার দায়িত্ব পালন করছেন, ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
লিখিত অভিযোগে জানানো হয়, স্বাস্থ্য সহকারী মোঃ নাসির দীর্ঘদিন ধরে আমবাড়ি গরুর হাটে দায়িত্ব পালন করছেন। এ কারণে তিনি সরকারি দায়িত্ব পালনের সময় কর্মস্থলে অনুপস্থিত থাকেন। এতে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।
অভিযোগকারীরা বলেন, সরকারি দায়িত্ব পালনের সময়ে স্বাস্থ্য সহকারীর অনুপস্থিতি গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং সাধারণ মানুষ যাতে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

















