হাসপাতালে পরীমনি: বুকে ব্যথা ও আগুনের ট্রমা থেকে প্যানিক অ্যাটাক

চিত্রনায়িকা পরীমনি বুকে ব্যথা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং আজ মঙ্গলবারও তিনি চিকিৎসাধীন থাকবেন বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। পরীমনি নিজেও তার ফেসবুক পেজে হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত করেছেন।

পরীমনি ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, গতকাল বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন এই নায়িকা, যা সন্ধ্যার পর বাড়তে থাকে। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তির পরামর্শ দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে পরীমনির কয়েকটি প্রয়োজনীয় টেস্ট করানো হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

হাসপাতালে ভর্তি পরীমনি তার ফেসবুক পোস্টে সম্প্রতি মাইলস্টোন স্কুল ও কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার বিষয়টি উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, “আগুনের একটা ট্রমা আমার আছে ছোটবেলা থেকে। সেটা যে এখনো এত ভয়ংকরভাবে আছে, এভাবে বুঝতে পারি নাই আগে। গতকালের দুর্ঘটনায় ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হসপিটালে ভর্তি নিতে হয়। বুকের ভেতর ধড়ফড় করে শুধু। আহারে এই শোক ওই মায়েরা কীভাবে সহ্য করবে আল্লাহ!”

দীর্ঘদিন ধরে পরীমনির নতুন কোনো ছবির শুটিংয়ের খবর নেই। তবে এই মাসের শেষ দিকে তার চুক্তি হওয়া ‘গোলাপ’ ছবির শুটিং শুরুর কথা ছিল। তিনি এরই মধ্যে বেশ কয়েকবার স্ক্রিপ্ট রিডিং সেশনে অংশ নিয়েছিলেন। এদিকে ছবিসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, কারিগরি সমস্যার কারণে এ মাসে ছবিটির শুটিং করা সম্ভব হচ্ছে না।

সম্পর্কিত খবর

About the Author: মর্নিং এজ